স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
স্থগিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) নির্ধারিত কেন্দ্রগুলোতে একই সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা পূর্বঘোষিত ২ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবার্য কারণেই ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
অধিদফতরের তথ্য অনুযায়ী, এবারের নিয়োগে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী।


0 Comments